বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ আগস্ট ২০২৫, ৮:১১ অপরাহ্ণ

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

আপডেট টাইম : আগস্ট ২৪, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ



শেয়ার করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের জন্য আয়োজিত এক মাসব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির পরিচালনায় এই প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং—এই তিন ক্রীড়া বিভাগে মোট ১১ জন নির্বাচিত আহত ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হয় ।

অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত থেকে আহত জুলাই যোদ্ধাদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান এবং ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি ।

জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে জুলাই ‘২৪ এর স্মৃতি চারণ করে তাদের সাহসিকতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে বিকেএসপি থেকে প্রাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে তিনি ভবিষ্যত জীবন গড়ার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এ জন্য তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান ।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম তার বক্তব্যে জুলাই যোদ্ধাদের সাহসিকতা ও সমাজ পরিবর্তনে তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আহত যোদ্ধাদের বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পেরে প্রতিষ্ঠানটি সৌভাগ্যবান। তিনি জুলাই যোদ্ধাদের বিকেএসপির ‘এ্যাম্বাসেডর’ হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্যারা ও স্পেশাল অলিম্পিকের মতো বিশ্ব আসরে অংশগ্রহণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সারাবছর কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন ।

শহীদ জননী শামসি আরা জামান তার বক্তব্যে উল্লেখ করেন যে বিকেএসপি’র এক মাসের প্রশিক্ষণে আহত ছাত্ররা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তা ভবিষ্যতে তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আহত ও শহীদ পরিবারদের সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতার ওপরও জোর দেন ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর আগে থেকেই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে আসছে । এই প্রশিক্ষণ ক্যাম্পটি ফাউন্ডেশনের সেই অব্যাহত প্রচেষ্টারই অংশ, যা আহত যোদ্ধাদের শারীরিক ও মানসিক পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং—এই তিন ক্রীড়া বিভাগে মোট ১১ জন আহত যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদেরহাতে সনদপত্র তুলে দেওয়া হয়, যা তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন