২৪ আগস্ট ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলার কাকুরার মান্দার গ্রামে গিয়ে প্রথমে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন জেলা প্রশাসক।
কবর জিয়ারত শেষে মো. সারওয়ার আলম শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা মুক্ত পরিবেশে বসবাস করছি। শহীদরা যে চেতনা নিয়ে জীবন উৎসর্গ করেছিলেন, সেটি সব সময় সমুন্নত রাখতে হবে।”
তিনি আরও আশ্বাস দেন যে, জেলা প্রশাসন সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।