১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, পুলিশ একটি মহান পেশা।পুলিশ ছাড়া একদিন ও কল্পনা করা যায় না।রাষ্ট্র পরিচালনায় প্রফেশনাল পুলিশ ফোর্স প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে রাষ্ট্র ও রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে পুলিশ কে ব্যবহার করতে গিয়ে পুলিশকে ইমেজ সংকটে ফেলেছেন।এথেকে উদ্ধার আবশ্যক। তিনি বলেন,ইমার্জেন্সি কোন কাজ,জান মাল ও সম্পদ সুরক্ষায় পুলিশের ভালো ভূমিকা রয়েছে এমন দৃষ্টান্ত অনেক আছে।তাই বিগত সময়ে কিছু সংখ্যক নষ্ট পুলিশের দায় গোটা পুলিশ কমিউনিটিকে দেয়া যায় না।এরকম করলে পুলিশের প্রতি অবিচার হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির স্বাবলম্বী কর্মসূচির আওতায় সিলেটে দুস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, রিক্সাভ্যান ও ফুডকার্ট বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বুধবার বিকেলে এসএমপি পুলিশ লাইন্স হলরুমে এসএমপি পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানে জানানো হয়, স্বাবলম্বী কর্মসূচির মাধ্যমে দুস্থদের জীবনমান উন্নয়নে পুনাক কাজ করে যাচ্ছে। এই সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে।অনুষ্ঠানে ৫ জনকে প্যাডেল রিক্সা, ৩ জনকে রিক্সাভ্যান ও ২ জনকে ফুডকার্ট হস্তান্তর করেন অতিথিরা।
প্রধান অতিথি খান মো. রেজা-উন-নবী আরো বলেন,সমাজ যখন,রাষ্ট্র যখন পেছন দিকে চলে তখন পুলিশের পক্ষে কাজ করা কঠিন।রাজনীতির মাধ্যমে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠে সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হিসেবে পুলিশ কাজ করে।যারা শাসকের চেয়ারে বসে তারা যদি সঠিক থাকে পুলিশও সঠিক থাকবে।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,অনেক মন্ত্রী, এমপির নাম কেউ জানেনা কিন্তু ফ্যাসিস্ট যুগের কিছু বিপথগামী পুলিশ কর্মকর্তার নাম মানুষ জানে।
তিনি বলেন, ভূল পথে শুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। মানুষ শুদ্ধ হলে পৃথিবী শুদ্ধ হয়ে যাবে।আমাদেরকে সেই শুদ্ধ অভিযাত্রার শুভযাত্রা সুচনা করতে হবে।আগামী নির্বাচনে ভালো মানুষদের ক্ষমতায় বসাতে হবে। তিনি আরো উল্লেখ করেন, পুলিশ সারা পৃথিবীতে নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায়, শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা বিধানে অপরিহার্য ভূমিকা পালন করে।
বিভাগীয় কমিশনার জোর দিয়ে বলেন, ‘পুলিশবিহীন একটি দিন আমরা কল্পনা করতে পারি না। কারণ রাষ্ট্রের ও সমাজের প্রতিটি ক্ষেত্রে পুলিশের উপস্থিতি আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে তদন্ত কার্যক্রম পর্যন্ত পুলিশের বহুমুখী সেবার গুরুত্ব রয়েছে।তিনি, পুলিশের অপরিহার্যতা ও অবদানকে স্বীকৃতি দেন।