বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ মার্চ ২০২৫, ২:০১ পূর্বাহ্ণ

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের দশ দফা দাবি: ঘরে ঘরে গ্যাস সংযোগসহ উন্নয়নের আহ্বান

আপডেট টাইম : মার্চ ১১, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : সিলেটের বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে দশ দফা দাবি পেশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রতিনিধিত্বকারী এই অরাজনৈতিক সংগঠনটি দাবি জানিয়েছে, যুগের পর যুগ ধরে বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল বৈষম্য ও বঞ্চনার শিকার। অঞ্চলটির প্রাকৃতিক সম্পদ সারা দেশের উন্নয়নে ব্যবহৃত হলেও স্থানীয়দের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও বাস্তবায়িত হয়নি।

সোমবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ এই দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের প্রতিটি বাড়িতে গ্যাস সংযোগ প্রদান, প্রতিটি গ্রামকে আইটি ও পাকা সড়ক নেটওয়ার্কের আওতায় আনা, সিলেট শহর থেকে টিলাগড় ও বাঘা হয়ে কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কসহ সকল সড়কের সংস্কার ও সম্প্রসারণ এবং ঢাকা-সিলেট-তামাবিল ৬ লেন মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন।

এছাড়াও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন কমিশন গঠন, অঞ্চলের খনিজ সম্পদসহ সরকারের আহরিত সম্পদের ১০% থেকে ১৫% স্থানীয় উন্নয়নে ব্যয় করার জন্য বরাদ্দ ঘোষণা, পরিবেশবান্ধব নীতিমালা অনুসরণ করে জৈন্তিয়ার সকল পাথর-বালু কোয়ারী খুলে দেয়া এবং হাওর, বিল ও জলাশয় সংরক্ষণের জন্য মহাল শামিল জলকর আইন আধুনিকায়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

সংগঠনটি বৃহত্তর জৈন্তিয়াকে ‘পর্যটন এলাকা’ ও ‘ইকোনোমিক জোন’ ঘোষণা করে প্রয়োজনীয় শিল্পকারখানা ও পর্যটন উপযোগী পরিবহণ ও অবকাঠামো নির্মাণেরও আহ্বান জানিয়েছে। এছাড়াও জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা, সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন দরবস্ত সারীঘাট অঞ্চলে ৩০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ ও একটি মেডিকেল কলেজ স্থাপন এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে রাজনৈতিক প্রভাবে গড়ে তোলা জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের বেআইনি লিজ বাতিল করে সেখানে ‘জৈন্তা বিশ্ববিদ্যালয়’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সদস্য সচিব গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, সাবেক এলজিডি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমদ, পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহিউদ্দিন জাকারিয়া, মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সাজু চৌধুরী, এম এ হান্নান, এম এ রহিম, ফয়েজ আহমদ, ডা. মোন্তাজিম আলী, সাংবাদিক আনোয়ার হোসেন, আসাদুল আলম চৌধুরী, এ কে এম ওলিউল্লাহ, ডা. ময়নূল হক, যুগ্ম সদস্য সচিব মাওলানা কামাল আহমদ, আশরাফুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রহমান আল মিছবাহ, প্রচার সম্পাদক মিছবাহুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কবির আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, মো. রহমত আলী, শমসের আলম ও মোশারফ হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ অবিলম্বে এই দশ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন