বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১ আগস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

সিলেটে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’-এর দ্রোহ সমাবেশ: ‘রাষ্টের মেরামত নয় -চাই আমূল পরিবর্তন’

আপডেট টাইম : আগস্ট ১, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ



শেয়ার করুন

আজ সিলেটে জুলাই স্মরণে ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’ একটি ‘দ্রোহ সমাবেশ’ আয়োজন করে। ‘রাষ্টের মেরামত নয় -চাই আমূল পরিবর্তন’ স্লোগানকে সামনে রেখে বিকাল ৪ টায় সিলেটের ‘ক্বিন ব্রিজ’ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে তিনটায় একটি সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্বিন ব্রিজের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি তানজিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়শা আক্তারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সিলেট নগরের সহসভাপতি মেহেদী হাসান এবং নগর সাংগঠনিক সম্পাদক আবীর খান। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুপ্রতিম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি সুমিত কান্তি পিণাক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক মাশরুখ জলিল।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান গত পাঁচ দশকের প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কাঠামোর ভয়াবহ রূপ জনগণের সামনে উন্মোচিত করেছে। তারা বলেন এই অভ্যুত্থান ছিল বঞ্চিত মানুষের যুগসঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু সহস্র প্রাণের বিনিময়েও কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশজুড়ে দখলদারিত্ব, চাঁদাবাজী, নাগরিক অধিকারের ক্রম সংকোচন, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জানমালের নিরাপত্তাহীনতা, মজুরি বঞ্চিত শ্রমিকের গুলিবিদ্ধ দেহ এবং সরকারের সাম্রাজ্যবাদ তোষণকৃত নীতির উদাহরণ টেনে বলেন যে এই বিষয়গুলো প্রমাণ করে, অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি। তারা জোর দিয়ে বলেন, জনগণের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ফ্যাসিবাদী বুর্জোয়া ব্যবস্থার মেরামত নয়, প্রয়োজন আমূল পরিবর্তন। এই পরিবর্তনের নেতৃত্ব দেবে দেশের বিপুল সংখ্যক শ্রমিক-কৃষক-সর্বহারা জনতা এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সমাজ প্রগতির এই সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, ভূমির অধিকার ও শ্রমিক সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন, সংবিধানে শর্তহীনভাবে শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা, শাবিপ্রবি ও এমসি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং সকল আন্তর্জাতিক চুক্তি জনগণের সামনে প্রকাশ করার পাশাপাশি সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী সকল অসম প্রকল্প বাতিলের দাবি জানান।

শেয়ার করুন