২১ মে ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি খাদ্যগুদামে উচ্চমূল্যে কৃষকদের ধান বিক্রির ধুম পড়েছে। গত ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান ক্রয়ে কৃষকদের আগ্রহ বেশি হওয়ায় দুই দফায় লটারির মাধ্যমে বিক্রয়কারী কৃষক নির্বাচন করা হয়েছে। লটারিতে বিজয়ী কৃষকরা জগন্নাথপুর সদর ও রাণীগঞ্জ খাদ্যগুদামে ধান বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।
গত ২১ মে দেখা গেছে, উভয় গুদামে ধান সংগ্রহের কাজ জোরেশোরে চলছে। জগন্নাথপুর সদর খাদ্যগুদামের কর্মকর্তা শিবু ভূষণ পাল জানান, তার গুদামে ৮৭৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৩০৪ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে। একইভাবে, রাণীগঞ্জ খাদ্যগুদামের কর্মকর্তা নিপম সুমের জানান, সেখানে ৪৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য রয়েছে এবং এ পর্যন্ত ২৪০ মেট্রিক টন সংগ্রহ সম্পন্ন হয়েছে।
ধান বিক্রেতা কৃষক সুরুজ মিয়া বলেন, “বাজারের চেয়ে বেশি দামে সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে আমি খুব খুশি।”
প্রসঙ্গত, এবার সরকার প্রতি মণ ধান ১৪৪০ টাকা দরে ক্রয় করছে, যা স্থানীয় বাজারের তুলনায় বেশি। এ কারণে কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।