সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ মে ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : মে ৬, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ৫-মৌজাবাসীর আয়োজনে দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ই মে, মঙ্গলবার দুপুর ২টায় চারিকাটা দাখিল মাদ্রাসা সংলগ্ন লালাখাল চতুল রাস্তার পাশে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ্আলম চৌধুরী তোফায়েল এবং সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিলাল।

মানববন্ধনে মেসার্স খোদেজা বহুমুখী ফার্ম ও দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নামে স্থায়ী সরকারি বন্দোবস্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ২০১১ সালে দি মেঘালয় টি এস্টেটের ইজারা চুক্তির ২৬নং অনুচ্ছেদ অনুযায়ী লীজ নবায়ন না করা সহ বিভিন্ন শর্ত লঙ্ঘন করা হয়েছে। এছাড়া, স্থানীয় বসবাসকারীদের সঙ্গে সমঝোতা শর্তও ভঙ্গ করা হয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই অঞ্চলের মানুষ কয়েক পুরুষ ধরে বসবাস করলেও নিজ দেশেই রোহিঙ্গা শরণার্থীদের মতো তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা বলেন, এলাকার বাসিন্দারা জমি বসবাস ও কৃষি কাজের উপযোগী করে গড়ে তুলেছেন। তাই সরকার যদি ইজারা দিয়েই থাকে, তবে স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দীর্ঘদিনের বসবাসকারীদের জমি প্রদান করা হোক। এজন্য তারা সরকারি সকল কর ও খাজনা দিতে প্রস্তুত। অন্যথায়, কোনো বৃহৎ প্রতিষ্ঠাকে পুনরায় ইজারা দেওয়া হলে এলাকাবাসীর ভবিষ্যৎ প্রজন্ম স্থায়ী বাসস্থানের অভাবে সংকটে পড়বে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীন, মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল হান্নান, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শামসুল হক, মাওলানা আবদুল মালিক, কামাল আহমেদ, জহিরুল ইসলাম, মাহমুদ আলি, রফিক আহমেদ, ওমর আলী, তাজুল ইসলাম ও নেছার আলী প্রমুখ।

শেয়ার করুন