৫ মে ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের অপসারণ ও গতকাল রবিবার মানববন্ধনে তার সমর্থকদের হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে সচেতন বিশ্বম্ভরপুরবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা ইউএনও মফিজুর রহমানের অপসারণ ও হামলাকারীদের বিচারের দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ইউএনওর অপসারণের দাবিতে রবিবার বিশ্বম্ভরপুরে শান্তিপূর্ণ মানববন্ধনে তার সমর্থকরা হামলা চালায়, যাতে বেশ কয়েকজন আহত হন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও ইউএনওর অপসারণ দাবি করেন।
সভায় বক্তব্য দেন সালমান ইশতিয়াক জিসান, জুনায়েদ আহনাফ, তালুকদার এম আতাহার আলী, সজিব আহমেদ, তোফাজ্জল হুসাইন, নুর জাহান আক্তার ও মোবারক হুসাইন প্রমুখ।
বক্তারা আরও বলেন, “মফিজুর রহমানের সিন্ডিকেট পর্যটন এলাকা ধ্বংস করেছে। অবৈধ বালু-পাথর উত্তোলন ও চোরাকারবারে সহায়তা করে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তার পেটোয়া বাহিনী আমাদের প্রতিবাদে হামলা করেছে। বিশ্বম্ভরপুরকে চোরাকারবারিদের স্বর্গরাজ্য বানানো যাবে না। তাকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ ও হামলাকারীদের বিচার করতে হবে, নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”