২৯ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে সেনাবাহিনী আটক করেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবারি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবেশ সংক্রান্ত মামলা ও পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর একটি টিম এই অভিযান চালায়। হরিপুর সেনা ক্যাম্পের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৫ আগস্টের পর থেকে আবুল কাশেম জাফলং এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন বলে জানা গেছে। তিনি অবৈধ বালু ও পাথর উত্তোলন, ভারতীয় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সংখ্যালঘু পরিবারের জমি দখলসহ একাধিক হামলার ঘটনায় জড়িত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সর্বশেষ অবৈধ বালু-পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আবুল কাশেম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, অভিযোগ রয়েছে যে জেলা বিএনপি নেতা ও যুবদল নেতারা আবুল কাশেমকে আশ্রয় দিয়ে আসছিলেন, যার কারণে স্থানীয় থানা পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।