১৬ এপ্রিল ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীসেবার মানোন্নয়নে বিশেষ অ্যাটেন্ডেন্ট কার্ড চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে হাসপাতালে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণ ও সেবার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। এ সময় উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী ও সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আমিন উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ইমজার সভাপতি আশরাফুল কবির ও সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, রোগীর একজন নির্দিষ্ট স্বজন হাসপাতালের নির্ধারিত কাউন্টার থেকে ১৫০ টাকা জমা দিয়ে এই কার্ড সংগ্রহ করতে পারবেন। কার্ড ব্যবহার শেষে ফেরত দিলে টাকা ফেরত দেওয়া হবে। ইনডোর মেডিকেল অফিসার ডা. কাজী আবদুল্লাহ কায়সার এ সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরেন।
কর্তৃপক্ষের ব্যাখ্যায় জানা যায়, ইনডোর বিভাগে রোগীর স্বজনদের অতিরিক্ত উপস্থিতির কারণে নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগীর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে শুধুমাত্র একজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হবে। এই পদক্ষেপ হাসপাতালের পরিবেশ ও সেবা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।