16 March 2025, 1:47 PM
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন ও খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, “সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক দেশ গড়া সম্ভব। দেশ থেকে ঘুষ ও দুর্নীতি দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের সকল কর্মীকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে জামায়াত নেতা মাওলানা দরছ উল্লাহ দোয়া পরিচালনা করেন। এ সময় জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা আবু তাইদ, প্রবাসী নেতা আবুল হোসেন, কবির উদ্দিন, দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন বেলাল, ওয়ালি উল্লাহ, রিয়াজ উদ্দিন রাজুসহ জামায়াতের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
আলোকিত সিলেট / এস এস