১০ মার্চ ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি কমায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসের কর্মসূচি সম্পন্ন করা হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও দিরাই পৌরসভার প্রশাসক অভিজিৎ সূত্রধর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুনির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শফিক ইশমাম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান লিটন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক সুমন রহমান এবং দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম প্রমুখ।
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দুর্যোগের সময় সঠিক পূর্বাভাস ও প্রস্তুতি অনেক জীবন বাঁচাতে পারে এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দিরাই উপজেলাকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।