২৪ ডিসেম্বর ২০২২, ১১:১২ পূর্বাহ্ণ
ইমদাদ:জৈন্তিয়ার আলোকিত মানুষ সমাজ সংস্কার ও শিক্ষা উন্নয়নে মাও. আব্দুল মান্নান ( মন্নান স্যার, মৈলবী, মন্নান মৌলভী)
১৯ শতকের ষাটের দশকে খরিল পরগনার নূরপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ইলমে ওহীর এক নিরব বাতিঘরের জন্ম হয়। যার নাম আব্দুল মান্নান। আশির দশকে স্বপরিবারে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন চারিকাটার নয়াখেল গ্রামে। শিক্ষিত সমাজে তিনি মন্নান মৌলভী, ছাত্র সমাজের কাছে মন্নান স্যার ও জনসাধারণের নিকট মৈলবী হিসেবে পরিচিত। জৈন্তাপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাও আব্দুল মান্নান খরিল নেজামুল উলুম চাক্তা মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঝিংগাবাড়ী আলীয়া মাদ্রাসায় ফাজিল ও সিলেট সরকারী আলীয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার সর্বোচ্ছ ডিগ্রী কামিল কৃতিত্বের সহিত সম্পন্ন করেন। শুধু তাই নয় জ্ঞানের এই মহান সাধক মদনমোহন কলেজ থেকে ইংরেজী বিষয়ে বিএ ডিগ্রী অর্জন করেন। ক্ষণজন্মা এই মহান পুরুষ কর্মজীবনে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা, বারহাল আলিম মাদ্রাসা, চাক্তা আলিম মাদ্রাসা ও জালালপুর বিদ্যালয়ে জ্ঞান বিতরণের মহান দায়িত্ব পালন করেন। দায়িত্বজ্ঞানসম্পন্ন এই মহান সাধক নিজ বাসস্থান এলাকা চারিকাটা পরগনার শিক্ষা উন্নয়নে মনোনিবেশ করেন। তারই অংশ হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করেন চারিকাটা পরগনার প্রথম মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান চারিকাটা দারুল ইসলাম মাদ্রাসা যা ২০১৯ সালে এমপিওভুক্ত হয়েছে। এটিই হলো চারিকাটা পরগনার মাধ্যমিক পর্যায়ের প্রথম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত তিনি তাঁর হাতে গড়া এই প্রতিষ্ঠানের ও সমাজের শিক্ষা উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া তিনি সেখানে একটি মসজিদও স্থাপন করেছেন। এছাড়াও তিনি সমাজের বিভিন্ন বিচার মিমাংসায়, সমাজ সংস্কার ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহান আল্লাহর নিকট সমাজ গড়ার নির্লোভ কারিগর ও প্রচারবিমুখ এই মহান পুরুষের নেক ও দীর্ঘ হায়াত কামনা করছি।