2 November 2026, 5:19 PM
অদ্য ০২ নভেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দল আনুমানিক সকাল ০৮০০ ঘটিকায় সীমান্ত হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় *০১ টি ভারতীয় এয়ারগান এবং ০১ টি ওয়াকিটকি সেট* উদ্ধার করে। উদ্ধারকৃত এয়ারগান ও ওয়াকিটকি সেট এর সিজার মূল্য ১১,০০০/- (এগারো হাজার) টাকা।
এছাড়াও অদ্য ০২ নভেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার *জৈন্তাপুর, সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপি’র* পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় *ভারতীয় শাড়ি ৮৫ পিস, জিরা ৬০০ কেজি, মহিষ ০৩ টি, গরু ০১ টি, বিভিন্ন প্রকার শ্যাম্পু ২৮৮ পিস, পন্ড ফেসওয়াশ ৪০০ পিস এবং চা পাতা ৭০ কেজি* জব্দ করে। আটককৃত মালামালের *সিজারমূল্য ২০,৭২,০০০/- (বিশ লক্ষ বাহাত্তর হাজার) টাকা।*
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত অস্ত্র ও অন্যান্য মালামালের *সর্বমোট সিজার মূল্য ২০,৮৩,০০০/- (বিশ লক্ষ তিরাশি হাজার) টাকা।*
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত এয়ারগান কানাইঘাট থানা হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।