,

2 August 2026, 4:55 PM

সিলেটের জৈন্তাপুরে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট টাইম : August 2, 2026 4:55 PM



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দিনদুপুরে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত কামাল আহমদ (৬০) উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেল গ্রামের বাসিন্দা। এ সময় তার সহযোগী কারিগর হুসেন আহমদ (৩৫) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে জৈন্তাপুর পূর্ববাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় কামাল আহমদকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রচলিত আইনে অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা মাংস উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় দিয়ে সেগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন কৌশলে উপজেলার বিভিন্ন বাজারে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে।

শেয়ার করুন