,

5 July 2026, 7:04 PM

ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসএমপি’র সনদপত্র বিতরণ

আপডেট টাইম : July 5, 2026 7:04 PM



শেয়ার করুন

সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র আয়োজনে গতকাল শনিবার সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে ‘ট্রাফিক সপ্তাহ–২০২৬’ উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক কর্মকাণ্ডে সহায়তাকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়।

গত ১৪ জুন হতে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত পালিত ‘ট্রাফিক সপ্তাহ–২০২৬’ উপলক্ষে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী অবদান, দায়িত্বশীলতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন