১৯ মার্চ ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকায় কিশোর সুমন আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার ১৮ মার্চ ফতেহপুর বাজারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্মম এই হত্যাকাণ্ড এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হতে পারে বলেও তারা সতর্ক করেন। একই সঙ্গে কোনো প্রভাবশালী মহলের মাধ্যমে অপরাধীদের রক্ষার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে জনসাধারণের প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য এখলাসুর রহমান। এতে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে নিহত সুমনের মা সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে সন্তানের হত্যার বিচার দাবি করেন। তিনি জানান, তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি শুধু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
নিহতের বাবা আনোয়ার হোসেন অভিযোগ করেন, মামলার তদন্তে তিনি সন্তুষ্ট নন। তার দাবি, এজাহারে উল্লেখিত সব আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়নি এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাতে ফতেহপুর ইউনিয়নের বানিগ্রাম এলাকার একটি পোল্ট্রি ফার্ম থেকে সুমনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।