,

8 July 2022, 8:31 PM

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ অনুদান বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

আপডেট টাইম : July 8, 2022 8:31 PM



শেয়ার করুন

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত/সংস্কারের জন্য ৩০ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

এলাকাবাসী এস বিজয় দাস, দীপন মন্ডল সবুজ, রুপচান দাস স্বপন, ইমরান আহমদ দুলাল, হাবিবুর রহমান ও মোঃ ফয়সল আহমেদ সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ” রক্ষক যখন ভক্ষক, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নগদ অর্থ ১০ হাজার টাকা পেলেন চারিকাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোমানা বেগমের স্বামী মোছলেহ উদ্দিন। যার বাড়িতে বন্যার পানিও স্পর্শ করেনি, ক্ষমতার অপব্যবহারে তিনিই ক্ষতিগ্রস্ত “।

এবিষয়ে চারিকাটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রোমানা বেগম বলেন, আমার ওয়ার্ডের গ্রামগুলোর মধ্যে আমার ঘরবাড়ি সহ আশেপাশের অনেক বাড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত দেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি সম্পূর্ণ তালিকা বিবেচনা করে বাছাই করে আমার স্বামীর নামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত/সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নগদ ১০ হাজার টাকা আমার বাড়িতে এসে আমার স্বামীর কাছে অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রশাসনের দায়িত্বরত অফিসার প্রিয়ব্রত রায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মনির উদ্দিন, হাজির আলী সহ প্রমুখ।

চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি আবুল কাসেম মারুফ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তৈরি করেছেন। তালিকা তৈরিতে ইউনিয়ন আওয়ামী লীগ সহ আমাদের কোনো হাত নেই। আমরা চূড়ান্ত তালিকা তৈরির আগের দিন রাতে চেয়ারম্যান ও সদস্যদের তালিকা থেকে ০৬ টি নাম বাতিল করেছি। মহিলা সদস্য রোমানা বেগমের স্বামীর নাম দেখে ইউপি চেয়ারম্যানকে ভালো করে বিষয়টি পরিদর্শন করে তারপর তালিকায় নাম চূড়ান্ত করার জন্য বলা হয়।

উপজেলা প্রশাসনের দায়িত্বরত অফিসার প্রিয়ব্রত রায় বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় তালিকা অনুযায়ী অনুদান বিতরণে স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেছি। মহিলা সদস্য রোমানা বেগমের স্বামী মোছলেহ উদ্দিনের ঘরবাড়ি দেখে সন্দেহ হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ভিতরে ডুকে ঘর পরিদর্শন করার জন্য অনুরোধ করি। তিনি পরিদর্শন করে কিছুটা নারাজ ছিলেন পরে উপস্থিত সকলের বিবেচনায় মোছলেহ উদ্দিনের কাছে মহিলা সদস্য রোমানা বেগম সহ ছবি তুলে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করি।

চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলতান করিম বলেন, মহিলা সদস্য রোমানা বেগমের স্বামী সরুখেল পশ্চিম গ্রামের মোছলেহ উদ্দিনের ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত ছিলো। সদস্যদের দেওয়া ক্ষতিগ্রস্ত তালিকা অনুযায়ী বিবেচনা করে চূড়ান্ত তালিকায় মোছলেহ উদ্দিনের নাম দেওয়া হয় এবং তার কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়। প্রয়োজনে আপনারা ঘরবাড়িটি পরিদর্শন করতে পারেন। এখনও ঐ গ্রাম সহ ইউনিয়নের অনেক গ্রামে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অনেক পরিবার অনুদানের বাকি রয়েছে। পরবর্তী অনুদান আসলে তাদেরকেও অনুদান প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান করিমকে ঘরবাড়িটি পরিদর্শন করতে বলেছি। প্রয়োজনে আপনারা ঘরবাড়িটি সহ উপজেলার ঐরকম যেকোনো ঘরবাড়ি পরিদর্শন করে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন