৮ মার্চ ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার ৭ মার্চ জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার রাণীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারে গ্যাসের মূল্যতালিকা না থাকা এবং অধিক দামে গ্যাস বিক্রির বিষয়ে ভোক্তাদের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা যাচাই করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় একটি দোকানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন রাণীগঞ্জ ইউনিয়নে সরকারি খাসজমি এবং নদী শ্রেণিভুক্ত জমিও পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।