শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

নদী খনন প্রকল্পে বাধা ও চাঁদা দাবির অভিযোগে জৈন্তাপুরে ছাত্রদল নেতা আটক

আপডেট টাইম : মার্চ ৫, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ



শেয়ার করুন

ইমাম উদ্দিন: জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের কাজে ব্যবহৃত ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ট্রাকচালকদের মারধর এবং ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, আটক ব্যক্তি রহমত মারুফ নামের এক যুবক, যিনি নিজেকে ছাত্রদল নেতা ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। পুলিশ বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গোয়াইনঘাট উপজেলার বাঘেরসড়ক লামাকুটাপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান গত দুই থেকে তিন মাস ধরে পানি উন্নয়ন প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে ট্রাকচালক হিসেবে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই হাটিরগ্রাম এলাকায় কাজ করছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নদী খননের মাটি ট্রাকে করে বেরিবাঁধে নেওয়ার সময় বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছালে রহমত মারুফ, তার পিতা জামাল আহমদসহ আরও কয়েকজন মিলে ট্রাকগুলোর গতিরোধ করেন। এ সময় চালক ও শ্রমিকদের জোর করে গাড়ি থেকে নামিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে উপস্থিত লোকজনের সামনে রহমত মারুফ প্রকল্পের কাজ চালিয়ে যেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। অন্যথায় ওই এলাকায় ট্রাক চলাচল করে নদী খননের কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাদের মারধর করে এবং কয়েকটি ট্রাকের গ্লাস ভাঙচুর করে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত শ্রমিকরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিকেল আনুমানিক পাঁচটার দিকে রহমত মারুফকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক রহমত মারুফ স্থানীয় ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি নিজেকে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সমন্বয়ক হিসেবেও পরিচয় দিতেন।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ট্রাক শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়রা মনে করছেন, সরকারি উন্নয়ন প্রকল্প নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। উন্নয়ন কাজে কোনো ধরনের বাধা বা অনৈতিক কার্যক্রম যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার করুন