রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ

গোয়াইনঘাটে বিপুল ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়ি থেকে প্রায় ৬৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোয়াইনঘাট থানা পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বোঝাই একটি ডিআই পিকআপ রাধানগর বাজার হয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা তিতারাই এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহজনক একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালকসহ গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, আটককৃত পিকআপ থেকে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার হলে চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশের অর্থনৈতিক স্বার্থও সুরক্ষিত থাকবে।

শেয়ার করুন