২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাইয়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিরাই উপজেলার ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন উপকারভোগী নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং গ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর।
এছাড়া সমিতির উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, রাসেন্দ্র দাস, দূর্জয় রায় এবং ডেভেলপমেন্ট অফিসার রাজীব দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীদের হাতে আয়মুখী উপকরণ তুলে দিলে তারা পরিবারে আর্থিক সহায়তা দিতে সক্ষম হন এবং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়। এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
নিজের দক্ষতা ও পরিশ্রমকে পুঁজি করে এগিয়ে যাওয়ার সুযোগ পেলে নারীরাই হয়ে ওঠেন পরিবারের শক্ত ভিত্তি। এমন উদ্যোগই পারে প্রান্তিক জীবনে নতুন আশার আলো জ্বালাতে।