27 May 2025, 4:44 PM
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
প্রধান অতিথির বক্তব্যে জুলিয়া যেসমিন মিলি বলেন, যুগে যুগে তরুণদের মাধ্যমেই বড় বড় পরিবর্তন এসেছে। তিনি তরুণ সমাজকে সামাজিক সচেতনতা ও মূল্যবোধ বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতি গঠনে কাজ করার মনমানসিকতা থাকা প্রয়োজন। নিজের সম্মান বৃদ্ধির জন্য নিজেকেই কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, সিলেটের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। তার উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষিতে তরুণদের অবস্থান, শ্রমবাজারে তাদের অবদান, তরুণদের উপর সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, উদ্ভাবনী প্রচেষ্টায় তরুণদের অংশগ্রহণ, চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দেশের জন্য কাজে লাগানো, তরুণদের সময়োপযোগী ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে আধুনিক ও ন্যায্য বাংলাদেশ গঠন ইত্যাদি বিষয় স্থান পায়।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক সময়ে তরুণদের অবদান সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করে। তিনি বলেন, এখনই তরুণদের মাঝে উদ্ভাবনী মনোভাব বিকাশে কাজ করার শ্রেষ্ঠ সময়। সামাজিক নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পারলে বৈষম্যহীন সমাজ দ্রুত গঠন করা সম্ভব। তিনি আরও বলেন, সরকার তরুণদের উপর পর্যায়ক্রমে বিনিয়োগ বৃদ্ধি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বলেন, বিভিন্ন ট্রেডে অসংখ্য তরুণ বিদেশ যায়। তিনি তরুণদেরকে কোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন, যা আয় ও সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে। তিনি তরুণদের সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান এবং বিদেশে একত্রে থাকার চেষ্টা করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থী ও বিদেশগামী তরুণ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।