মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ

লিডিং ইউনিভার্সিটিতে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের জন্য ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে লাইব্রেরি ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দিনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, জ্ঞানার্জনে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে অর্জিত জ্ঞান বিভিন্ন পর্যায়ে বিতরণ করা হয়। জ্ঞান সৃষ্টির জন্য লাইব্রেরিতে গিয়ে বই পড়তে হবে এবং লাইব্রেরির রিসোর্স ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের বইয়ের সাথে সেতুবন্ধন তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা লাইব্রেরির সাথে সেতুবন্ধন তৈরি করবে তারাই উন্নতি করবে এবং ভালো ফলাফল পাবে।

উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, জ্ঞান অর্জন ও গবেষণার জায়গা আর লাইব্রেরি হলো এমন একটি স্থান যাকে শিক্ষা ও গবেষণাসহ সমস্ত জ্ঞানের ভাণ্ডার বলা হয়। তাই শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে হবে। শুধু অনলাইনের মাধ্যমে নয়, জ্ঞানের স্থায়িত্বের জন্য শিক্ষার্থীদের সশরীরে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষাজীবনের গুরুত্ব তুলে ধরে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষাজীবনের ১২টি বছর অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারটি বছর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালোভাবে পড়াশোনা করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নিজেকে তৈরি করতে হবে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে স্বপ্ন তা এই সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে থাকা বই-পুস্তক, জার্নাল-ম্যাগাজিন, ই-বুক ও ই-জার্নালের তথ্য এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। লাইব্রেরি ব্যবহারে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি লাইব্রেরি ব্যবহার করার পরামর্শ দেন। লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের লাইব্রেরি ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন