,

22 February 2026, 12:03 AM

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : February 22, 2026 12:03 AM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত মজুদ রয়েছে। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, বিশেষ করে রমজান মাসে এর গুরুত্ব আরও বেড়ে যায়। দায়িত্ব গ্রহণের পর রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ না থাকলেও বর্তমান খাদ্য মজুদ বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নির্বাচনী ইশতেহারে সিলেটবাসীর জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন, যা নিয়ে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পার্শ্ববর্তী দেশে গৃহীত বড় ডিজিটাল স্কিমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইতিমধ্যে এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে দেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন