,

3 July 2026, 6:07 PM

বিজিবির অভিযানের পর জৈন্তাপুরে শ্রমিক বিক্ষোভ, ইউএনও’র হস্তক্ষেপে কাটে অচলাবস্থা

আপডেট টাইম : July 3, 2026 6:07 PM



শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি:ইমাম উদ্দিন

শুক্রবার (৩ জুলাই) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় ৪৮ বিজিবি পরিচালিত অভিযানে অবৈধভাবে উত্তোলিত পাথরবোঝাই চারটি ট্রাক জব্দকে কেন্দ্র করে দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের হস্তক্ষেপ ও আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শ্রীপুর বিওপির একটি টহলদল খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি পাথরবোঝাই ট্রাক জব্দ করে। পরবর্তীতে ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক পাথর আনলোড করে। তবে একটি ট্রাক গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি সেটি আটক রাখতে সক্ষম হয়।

এ ঘটনার পর সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শুক্রবার হওয়ায় জাফলংগামী পর্যটক ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শ্রমিকদের অভিযোগ, ট্রাক আটকানোর সময় বিজিবি সদস্যরা এক শ্রমিককে মারধর করেন এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দায়িত্ব পালনরত সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলকভাবে এক রাউন্ড শর্টগান ফায়ার করা হয়। এতে কেউ হতাহত হয়নি। তিনি দাবি করেন, সরকারি দায়িত্ব পালনে বাধা দিয়ে অবৈধ পাথর পাচারচক্রের সদস্যরা বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক প্রতিনিধি,পরিবহন শ্রমিক,ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইউএনও সুনন্দা রায় বলেন,যা অবৈধ,সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। সরকারি কাজে সহযোগিতা করা এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকা সবার দায়িত্ব। তিনি আরও বলেন,শ্রমিকদের যৌক্তিক দাবি নিয়ে আলোচনার জন্য উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত।

পরে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটির বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,তামাবিল হাইওয়ে পুলিশের এসআই নাজমুল হক,স্থানীয় জনপ্রতিনিধি ফখরুল ইসলাম, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন