17 May 2026, 2:21 AM
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ (১৬ মে) শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হল “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬”। পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে টেকসই ভবিষ্যৎ নির্মাণে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকাল ৯:০০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজারের অধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করে।সম্মেলনে পরিবেশভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহের মধ্যে সিলেট বিভাগীয় পরিবেশ অলিম্পিয়াড,আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা,প্রজেক্ট ও আইডিয়া প্রদর্শনী,প্রবন্ধ লেখা প্রতিযোগিতা,ফটোগ্রাফি প্রতিযোগিতা,পোস্টার ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন,ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা,শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা উল্লেখ যোগ্য।
সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক আবুল কালাম আজাদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. জসীম উদ্দিন এবং প্রফেসর ড. ওমর শরীফ প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সভাপতি সফকাত তাসিন।এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, পরিবেশ কর্মী কাশমীর রেজা চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি সহকারী বন সংরক্ষক আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, “সিলেট পরিবেশ সম্মেলন ২০২৬” শুধু একটি অনুষ্ঠান নয়, বরং পরিবেশ ও জলবায়ু নিয়ে তরুণদের ভাবনা, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এ আয়োজনের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।
সিকৃবি পরিবেশ ক্লাবের সভাপতি সিকৃবি শিক্ষার্থী সফকাত তাসিন পরিবেশ সম্মেলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।