২৪ জুলাই ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ
সুয়েব রানা:হরিপুর টু এয়ারপোর্ট রাস্তার বেহাল দশা। চরম ভোগান্তির শিকার এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের এলাকাধীন গ্রামের ভেতরের হরিপুর টু এয়ারপোর্ট রোডের বেশিরভাগ রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন জৈন্তাপুর সহ আশপাশের উপজেলার হাজারো মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে।
হরিপুরে বাড়ি ভ্যানচালক সায়মন। ভ্যান চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই তা আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যানটানা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
বাগেরখাল গ্রামের বাসিন্দা রমজান আলী বলেন, ‘দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার কার্পেটিং উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তারমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারহাটও ঠিকভাবে করতে পারে না।’
এ বিষয়ে ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ‘ভোগান্তির কথাটি আমরা জানি। রাস্তাটি খুব দ্রুত সংস্কার করার জন্য আমরা চেষ্টা করছি।’