,

5 March 2026, 9:22 PM

বিশ্ব এতিম দিবসে দিরাইয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ

আপডেট টাইম : March 5, 2026 9:22 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি:-

বিশ্ব এতিম দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা এবং এতিম ও তাদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলার সমন্বয়কারী আতিকুর রহমান। তিনি এতিম শিশুদের কল্যাণে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমের কথা তুলে ধরেন এবং সমাজের বিত্তবানদের এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কুদ্দুস, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন এবং শিক্ষক মোস্তাক মিয়া।

অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে সুরাইয়া আক্তার, লুবনা বেগম ও রাশেদা খাতুন তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, এমন সহায়তা তাদের জন্য অনেক বড় সমর্থন এবং সমাজের প্রতি নতুন আশা জাগায়।

আলোচনা সভা শেষে এতিম শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এতিম শিশুদের প্রতি মানবিক দায়িত্ব পালনের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানবিক এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেয়। আয়োজকদের মতে, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে এতিম ও অসহায় মানুষের জীবনও একদিন আলোয় ভরে উঠবে।

শেয়ার করুন