৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে সিলেট মহানগর শিবিরের উদ্যোগে বন্দর বাজার রেজিস্ট্রারী মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বন্দর বাজার পয়েন্ট ও জিন্দাবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। র্যালিতে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, শিবির জুলাই যুদ্ধে জাতির প্রত্যাশা পূরণ করেছে। নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রশিবির প্রমাণ দিয়েছে এই জাতির ভবিষ্যত ছাত্রশিবির, যা দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রমাণিত হয়েছে। আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। তিনি বলেন, এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং এসব ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। তার বিশ্বাস, ছাত্রশিবির দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে ১১ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ তার সভাপতিত্বের বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ৪৯ বছর পার করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, ২৩৪ জন ভাইকে হারাতে হয়েছে এবং অসংখ্য ভাই পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু ছাত্রশিবির দমে যায়নি এবং হাঁটি হাঁটি পা পা করে আজ জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশায় পরিণত হয়েছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রসংগঠনে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, অসংখ্যবার ছাত্রশিবিরকে নিঃশেষ করার হুমকি ও পরিকল্পনা করা হলেও সংগঠনটি তার স্বকীয়তা বজায় রেখে ২০২৬ সালে পদার্পণ করেছে। যারা বাংলাদেশে তাঁবেদারি, আধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চান, তাদের স্বপ্ন পূরণ হবে না বলেও তিনি উল্লেখ করেন।
শাহীন আহমদ আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য আবারো ষড়যন্ত্র হচ্ছে। দেশপ্রেমিক মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু আবারো পাতানো ও ইঞ্জিনিয়ারিং নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন মানবে না এবং ছাত্রজনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। সমাবেশটি সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।