22 January 2026, 5:29 PM
ইমাম উদ্দিন: জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহলদলের ওপর হামলার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করা হয় জৈন্তাপুর মডেল থানায়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২১ জানুয়ারি সকাল ৭টার দিকে জৈন্তাপুর সীমান্ত এলাকার ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন টিপরাখলা ঘুড়িমারা এলাকায় সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে টহলরত একটি দল ভারতীয় ছয়টি গরু আটক করে। গরুগুলো বিওপিতে নেওয়ার সময় একটি সংঘবদ্ধ চক্র রাস্তা অবরোধ করে সরকারি কাজে বাধা দেয় এবং টহল দলের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনায় বিজিবির সদস্য ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজবাড়ী বিওপির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন। মামলাটি মামলা নম্বর ১৮ হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং তারিখ ২১-০১-২০২৬।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, অভিযোগটি প্রাথমিক যাচাইয়ের পর মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।