,

28 February 2026, 7:50 PM

জগন্নাথপুরে গ্যাস বাজারে অভিযান, মূল্যতালিকা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : February 28, 2026 7:50 PM



শেয়ার করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্যাসের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

২৮ ফেব্রুয়ারি জগন্নাথপুর উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন জগন্নাথপুর থানার এসআই অপূর্বসহ পুলিশের একটি দল।

প্রথমে শহীদ মিনার রোড এলাকায় সুহেল আহমদের গ্যাসের দোকানে অভিযান চালানো হয়। আদালতের প্রশ্নের জবাবে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন। পরে বটেরতলা এলাকায় তার গুদামঘর পরিদর্শন করা হয়। সেখানে বিপুল পরিমাণ খালি সিলিন্ডার পাওয়া যায়। সুহেল আহমদ নিজেকে বিএম ও ওমেরা গ্যাসের বিক্রয় প্রতিনিধি দাবি করে জানান, তার দোকানে বিএম গ্যাস ১৪৫০ টাকা এবং ওমেরা গ্যাস ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো অনিয়ম না পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

পরবর্তীতে পশ্চিমবাজার এলাকায় শরীফ মিয়ার মালিকানাধীন হাবিব এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শরীফ মিয়া নিজেকে ফ্রেশ গ্যাসের বিক্রয় প্রতিনিধি হিসেবে পরিচয় দেন এবং অভিযানের সময় তার কাছে গ্যাস মজুত নেই বলে জানান।

এছাড়া আরও দুটি সিলিন্ডার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে অস্থিরতা ঠেকাতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কয়েকজন ভোক্তা অভিযোগ করেন, বাজারে গ্যাস পাওয়া যায় না এবং পাওয়া গেলেও অনেক সময় বাড়তি দাম নেওয়া হয়। তারা প্রশাসনের কাছে নিয়মিত তদারকির দাবি জানান, যাতে সরকারি নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত হয়।

প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান। ন্যায্যমূল্য ও স্বচ্ছতা নিশ্চিত হলে বাজারে আস্থা বাড়বে এবং ভোক্তার অধিকার সুরক্ষিত থাকবে—এমন প্রত্যাশাই সবার।

ক্যাপশন জগন্নাথপুরে গ্যাস বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবি

শেয়ার করুন