বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ জানুয়ারি ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ: বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য কাজ করে এবং অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।

শনিবার ১৭ জানুয়ারি সকালে সিলেট নগরীর বাগবাড়িতে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলাম।

বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও দুঃস্থ শিশুদের মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিতের কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার পাশাপাশি সামাজিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে উপযুক্ত পরিবেশে বসবাসের সুযোগ তৈরি করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, এসব শিশুদের পরিচর্যা, শিক্ষা এবং বিনোদনের সুযোগ তৈরিতে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে।

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখতে পারে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় বেড়ে ওঠা শিশুদের প্রতিভা বিকাশে নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, শিশু পরিবার ও নিবাসে থাকা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সমীর মল্লিক ও মো. মোশাররফ হোসেন, উপপরিচালক দেবব্রত দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের অধীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শেয়ার করুন