১২ জানুয়ারি ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট থানায় পরিচালিত বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং আনুমানিক ৫৪০ ঘনফুট বালু উদ্ধার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেনের তত্ত্বাবধানে এসআই আনোয়ার হোসেন, এসআই অমিত সিংহ এবং থানার অন্যান্য সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি রুবেল, পিতা মর্তুজ আলী, সাং সুলতানপুর, থানা গোয়াইনঘাট, জেলা সিলেটকে আটক করা হয়।
একই সময় চেকপোস্ট ডিউটিতে থাকা এসআই অমিত সিংহের নেতৃত্বে এএসআই সাইফুদ্দিনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা বালুবাহী তিনটি ট্রাক আটক করেন। জব্দকৃত যানবাহনের মধ্যে রয়েছে একটি আইচার ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো ঢ ১১ ০৩৯৪, একটি রেজিস্ট্রেশনবিহীন আইচার ড্রাম ট্রাক এবং একটি টাটা ড্রাম ট্রাক যার রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো ট ১১ ০২৫৩। প্রতিটি ট্রাকের আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা হিসেবে মোট একুশ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
প্রতিটি ট্রাকে আনুমানিক ১৮০ ঘনফুট করে মোট ৫৪০ ঘনফুট বালু পাওয়া যায়। প্রতি ঘনফুট বালুর মূল্য আনুমানিক ৩০ টাকা ধরে উদ্ধারকৃত বালুর মোট মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় বালু পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে মোঃ জসিম উদ্দিন বয়স ২৫ ও আছলম উদ্দীন বয়স ৩৬ নামে দুইজনকে আটক করা হয়। উভয়ের বাড়ি জৈন্তাপুর থানা এলাকায়।
ঘটনার পর গোয়াইনঘাট থানায় মামলা নম্বর ১১ ১ ২৬ রুজু করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ সদর আদালত সিলেটে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।