,

9 January 2026, 8:24 PM

সাংবাদিকদের জন্য মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট টাইম : January 9, 2026 8:24 PM



শেয়ার করুন

সিলেটে সাংবাদিকদের জন্য একটি নতুন সম্মাননা পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই পুরস্কারের নাম মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড। প্রতি বছর ছয়টি ক্যাটাগরিতে আর্থিক সম্মানীসহ এই পুরস্কার প্রদান করা হবে সিলেটের কীর্তিমান ও মেধাবী সাংবাদিকদের।

ঘোষণা অনুযায়ী, ছয়টি ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং অপর তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হবে সম্মাননা পুরস্কার। প্রতিযোগিতামূলক ক্যাটাগরিগুলো হলো ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া এবং টেলিভিশন রিপোর্টিং। এসব ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের আহ্বানকৃত নির্দিষ্ট বিষয়ে নিজস্ব প্রতিবেদন, ছবি বা ভিডিও জমা দিতে হবে। অপরদিকে সম্মাননা ক্যাটাগরির আওতায় মরণোত্তর সম্মাননা, বরেণ্য সাংবাদিক সম্মাননা এবং মফস্বল সাংবাদিকতা সম্মাননা প্রদান করা হবে।

ছয়টি ক্যাটাগরির জন্য বিজয়ীদের নির্বাচন করবে একটি জুরি বোর্ড। জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে ছয়জনকে নির্বাচিত করে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।

সিলেটের বরেণ্য লেখক, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদের স্মৃতিরক্ষায় এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে সিলেট নগরের হোটেল প্লাজার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এবং উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়াগাইডের নির্বাহী প্রধান মো ফয়ছল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, ব্যুরো প্রধান, সাংবাদিক, ফটো সাংবাদিক, মাল্টিমিডিয়া রিপোর্টার এবং আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন স্পষ্টভাষী ও স্বপ্নবাজ মানুষ। তিনি সমাজ নিয়ে ভাবতেন এবং সমাজের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতিকে ধারণ করে পরিবারের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের সহোদর ও বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা আ ম অহিদ আহমদ বলেন, তার ভাই জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এই পুরস্কার নিয়মিতভাবে অব্যাহত রাখার ঘোষণা দেন এবং সিলেটের সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন।

অন্যান্য বক্তারা মরহুম রশীদ আহমদের পরিবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। তারা পুরস্কারটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে পরিচালনার আহ্বান জানান।

শেয়ার করুন