3 February 2022, 6:30 PM
সমাজ, জাতি, দেশের কল্যানে নিবেদিত প্রাণ-একাধারে কবি, প্রাবন্ধিক, ছড়াকার, সাংবাদিক, গবেষক, সমাজসেবক, লেখক ও সংগঠক- এ যেন একের ভিতর আট বা তারও বেশী। আদর্শ সমাজের প্রতিচ্ছবি মোঃ আব্দুল মুুনিম জাহেদী- ক্যারল নামেই খ্যাত। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের আলোকিত আব্দুর রহিম জাহেদী ও রেজিয়া বেগম দম্পত্তির কুলে ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন ক্যারল। বাল্যকাল থেকে শুরু করে বয়স বাড়ার সাথে সাথেই তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, দেশের পড়ালেখা সম্পন্ন করে পাড়ি জমান লন্ডনে। যুক্ত হন সাংবাদিকতায়, শুরু প্রভাবশালী পত্রিকা সুরমা, অবশ্য দেশে থাকতেও তিনি সাহিত্য চর্চা করতেন এতে তিনি বেশ পরিচিতিও লাভ করেন।
সুরমা দিয়ে শুরু হলেও বিভিন্ন নামী দামী পত্রিকায় দু’হাত দিয়েই লিখতে থাকেন – আর এতে করে তাঁর সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে এবং ক্রমে প্রবাসী পাঠকদের মধ্যে তাঁর ব্যাপক পরিচিতি, গ্রহনযোগ্যতা বাড়তেই থাকে।
আব্দুল মুনিম জাহেদী ক্যারলের লেখা অতি মূল্যবান দু’টো বই- সামাজিক ভাবনা ও অধিকার এবং করোনার ভিতিকর দিনগুলো দুটিই এখন আমার পড়ার টেবিলে। অসাধারণ এবং অতি মূল্যবান এ দু’টো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল ক’দিন আগে সিলেটের স্থানীয় একটি অভিজাত হোটেলে। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন ছাড়াও সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। উপস্থিত গুণীজনেরা ক্যারলের নানাবিদ গুণের কথা উল্লেখ করে তাঁর লেখনীর ভূয়সী প্রশংসা করেন।
ক্যারল রচিত সামাজিক ভাবনা ও অধিকার বইটি পাঠ করলে যে কেউ অনুধাবন করতে সক্ষম হবেন- তাঁর জ্ঞানের ভান্ডার কত সমৃদ্ধ- তাঁর জানার এবং বিশ্লেষন করার ক্ষমতা কত প্রকট।
করোনা বিশ্বজুড়ে সাধারণ থেকে অসাধারণ সবাইকে নাড়া দিয়েছে- বাংলাদেশও এর প্রভাব মোটেই কম নয়। বিশ্বসেরা এ সমস্যাকে তিনি নানাভাবে তাঁর বইতে উপস্থাপনের মাধ্যমে সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন ক্যারল। পাঠক মহল মনযোগ সহকারে বইটি পাঠ করলে দারুণভাবে উপকৃত হবেন এ নিশ্চয়তা দিতে পারি আমি ।
অসাধারণ প্রতিভার অধিকারী ক্যারল সাহেবের এ দু’টি বই প্রকাশনার দায়িত্বে ছিলেন প্রসিদ্ধ লেখক প্রকাশক ও সংগঠক পাণ্ডুলিপি প্রকাশন এর সত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল- আমার দৃষ্টিতে তাঁর শ্রম সফল হয়েছে মূল্যবান বই দু’টো প্রকাশনার মাধ্যমে।
কলম সৈনিক ক্যারলকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যাশা দেশ ও জাতির কল্যাণে তিনি তাঁর লেখনীর প্রয়াস অব্যাহত রাখবেন এবং আমাদেরকে আরোও বই উপহার দিবেন। আমি বই দু’টির বহুল প্রচার এবং ক্যারলের সুন্দর ভবিষ্যৎ, সার্বিক সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করছি, আমিন।
লেখক: বৃক্ষরোপণে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত, সাংবাদিক ও কলামিস্ট।