২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই, অবৈধ ও আইএমইআই পরিবর্তনকৃত ৪২২টি মোবাইল ফোন উদ্ধার এবং ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানার মোমিনখলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে মোঃ সুজ্জাত (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে ৩৮টি চোরাই বা বৈধ কাগজবিহীন মোবাইল ফোন উদ্ধার হয়। একই দিন ভোররাতে শিববাড়ী জৈনপুরে ব্লক-ডি, বাসা নং-০৪ এ অভিযান চালিয়ে মোঃ আব্দুস শহিদ (৩৫) ও তার ভাতিজা আকরাম আলী (২১) কে আটক করা হয়। সেখান থেকে ২৬টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, ৮টি স্ক্রুড্রাইভার ও ১টি নিকন ডিএসএলআর ক্যামেরা জব্দ হয়।
আটকরা জানায়, তারা চোরাই মোবাইল কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে বন্দরবাজারের ‘তোহা টেলিকম’ (দোকান নং-১৫) ও ‘স্মার্টফোন গ্যালারী’ (দোকান নং-১১৯) সহ বিভিন্ন দোকানে বিক্রি করত। এই তথ্যের ভিত্তিতে একইদিন বন্দরবাজারের সিটি হার্ট শপিং সেন্টারে ‘তোহা টেলিকম’-এ অভিযান চালিয়ে ২০৪টি চোরাই মোবাইল ও ৯,৫২০ টাকা উদ্ধার করা হয়। পরে করিম উল্লাহ মার্কেটের ‘স্মার্টফোন গ্যালারী’-তে অভিযান চালিয়ে দোকানের কর্মচারী ফারুক আহমদ (৩৪) কে আটক করা হয় এবং ১৫৪টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় খুন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা (নং-১৬ ও ১৭) রুজু হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।