,

18 November 2025, 6:08 PM

সিলেটে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : November 18, 2025 6:08 PM



শেয়ার করুন

সিলেটে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সিলেটের সেবাপ্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সরকারি-বেসরকারি সেবা অর্জনে নিজেদেরকে জনগণের সেবক মনে করে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার (১৮ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসন, সিলেট এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অর্ধ-শতাধিক ব্যক্তি কর্মশালায় অংশ নেন।

কর্মশালাটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। কর্মশালায় প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান ও বৈশিষ্ট্য, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্টের পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদান ও দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ বলেন, সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সরকারি কর্মচারি হিসেবে আমাদের নিজেদেরকে জনগণের সেবক মনে করে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সরকারি কর্মচারি হিসেবে প্রাপ্ত দায়িত্ব ও ক্ষমতা পেয়ে নিজেকে জনগণের প্রভু মনে করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদেরকে সেবার মানসিকতা নিয়ে একযোগে কাজ করতে হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাদের বিদ্যমান ধারণা ও জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, উপানুষ্ঠানিক শিক্ষা সিলেটের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহা, আইডিয়া সিলেটের প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ, জেলা সমাজ সেবা কার্যালয় সিলেটের উপপরিচালক মো: আব্দুর রফিক, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন এবং জেলা মৎস অফিসার সীমা রাণী বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন