১৭ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
আলোকিত সিলেট ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ লাভ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রেরিত পত্রের মাধ্যমে সোমবার এই সনদ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। পত্রে উল্লেখ করা হয় যে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ১০ মোতাবেক সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত লিডিং ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য এই সনদপত্র প্রদান করা হলো।
স্থায়ী সনদ প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন যৌথভাবে এক বার্তায় শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক-কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী স্বল্প সময়ের মধ্যে লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ অর্জনের জন্য উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নিরলস প্রচেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান। এর জবাবে উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন স্থায়ী সনদ লাভে চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর অবদান, পরামর্শ ও দিকনির্দেশনাকে অপরিসীম আখ্যায়িত করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে লিডিং ইউনিভার্সিটি ২০০১ সালের ৪ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে সাময়িক সনদ নিয়ে ড. সৈয়দ রাগীব আলীর ঐকান্তিক প্রচেষ্টায় তার শিক্ষা যাত্রা শুরু করে। শুরুতে সিলেট নগরের বন্দর বাজারস্থ মধুবন ভবনে কার্যক্রম পরিচালিত হলেও ২০১৪ সাল থেকে দক্ষিণ সুরমার রাগীব নগরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থায়ী ক্যাম্পাসে এর সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।