শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ

আনসার ভিডিপির এডভান্স কোর্স শুরু, নির্বাচনী প্রস্তুতিতে জোর

আপডেট টাইম : জুলাই ৩০, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট রেঞ্জের চার জেলায় একযোগে শুরু হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিনব্যাপী ভিডিপি এডভান্স কোর্সের (১ম ধাপ)। ২৯ জুলাই ২০২৫ তারিখে সিলেট জেলা আনসার ভিডিপি হলরুমে কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

জিয়াউল হাসান তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।” তিনি সদস্যদের দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্যদের আরও দক্ষ, দায়িত্বশীল ও চৌকস করে গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।” নির্বাচনকালে ভিডিপি সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “গভীর দেশপ্রেম নিয়ে শৃঙ্খলা, নিরাপত্তা ও সচেতনতা রক্ষায় ভিডিপি সদস্যদের সক্রিয় উপস্থিতি অপরিহার্য। ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছাতে সহায়তা, গুজব প্রতিরোধ, আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তোমাদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি ভিডিপি সদস্যদের “জনগণের সবচেয়ে কাছের সহায়ক শক্তি” আখ্যায়িত করে তাদের সততা, নিষ্ঠা ও জনপ্রেমের মাধ্যমে নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

জিয়াউল হাসান বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রত্যেক উপজেলায় মডেল ভিডিপি প্লাটুন গঠনের কথা উল্লেখ করেন, যার লক্ষ্য গ্রামীণ জনপদে আর্থসামাজিক উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা সৃষ্টি। তিনি দেশসেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, ন্যায়নিষ্ঠ, পরোপকারী ও মানবিক মানুষ হিসেবে কাজ করতে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান জাতিগঠনে প্রয়োগের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা আনসার ভিডিপি কার্যালয়েও জিয়াউল হাসান ভিডিপি এডভান্স কোর্স উদ্বোধন করেন এবং অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল অ্যাডজুটেন্ট ফারুক হোসাইন, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে সিলেট রেঞ্জের সিলেট (১০০ জন), সুনামগঞ্জ (১০০ জন), হবিগঞ্জ (১০০ জন) এবং মৌলভীবাজার (৮০ জন) জেলা থেকে মোট ৩৮০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন