,

21 October 2025, 3:05 PM

সিলেটে সেলস এক্সিকিউটিভের ওপর সশস্ত্র ডাকাতি

আপডেট টাইম : October 21, 2025 3:05 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানার যুগীর গাঁও, বলাউড়া বাজার মোড় এলাকায় এক সেলস এক্সিকিউটিভের ওপর সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে। গ্রামীণফোনের সেলস এক্সিকিউটিভ হুসেন আহমেদ শিমুল নামে এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুসারে, গত ১৯ অক্টোবর, ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টা ১৫ মিনিটের মধ্যে তিনি ও তার সহকর্মী আবৃত তালুকদার মোটরসাইকেলে করে কাজ সেরে ফিরছিলেন। এ সময় উক্ত স্থানে অজ্ঞাতনামা চার সদস্যের একটি সশস্ত্র চক্র দুই মোটরসাইকেল নিয়ে তাদের আটকায়। তারা ধারালো অস্ত্র দেখিয়ে হুসেন আহমেদ শিমুলকে মারাত্মকভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ভয় পেয়ে তার সহকর্মী সেখান থেকে দৌড়ে পালাতে সক্ষম হন।

ডাকাতরা হুসেন আহমেদ শিমুলের কাছ থেকে কোম্পানির আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড ও এমবি কার্ড এবং তার সিলেট মেট্রো-হ ১১-৬৯১৫ নম্বরের মোটরসাইকেলটি ও এর সকল কাগজপত্র নিয়ে তারা পালিয়ে যায়।

নিখোঁজ মালামাল ও মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার এবং অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য হুসেন আহমেদ শিমুল জালালাবাদ থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন