6 June 2025, 10:55 AM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৩ আসনের সকল সাধারণ মানুষ, দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি তার বার্তায় ঈদের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য ও উন্নয়নের আহ্বান জানান।
ব্যারিস্টার জুনেদ তার বক্তব্যে উল্লেখ করেন, “৫ই আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন তরুণরা রাজনীতিতে গতিশীল ভূমিকা রাখছে, যা আগামী দিনের জন্য আশাব্যঞ্জক।” তিনি আরও যোগ করেন, “নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও সাম্যভিত্তিক রাষ্ট্র, যেখানে কোনো বৈষম্য থাকবে না।”
এনসিপি নেতা তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। তার মতে, “তরুণরাই পারে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থা গড়ে তুলতে। তাদের উদ্যম, মেধা ও দেশপ্রেমই বাংলাদেশকে এগিয়ে নেবে।”
সিলেট-৩ আসনের উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার জুনেদ বলেন, “দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে আমরা কাজ করছি। প্রবাসীদের অবদানও এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ।”
তিনি ঈদের ত্যাগ ও সম্প্রীতির আদর্শকে সামনে রেখে সকল ধর্ম-বর্ণের মানুষকে একসাথে থাকার আহ্বান জানান এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।