26 May 2025, 8:24 PM
ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বসতভিটা রক্ষার দাবিতে চারিকাটা ইউনিয়নের স্থানীয় পাঁচ মৌজাবাসীর আয়োজনে দ্বিতীয় দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬শে মে) বেলা ১১টায় গুচ্ছগ্রাম মেঘালয় টি-এস্টেট সংলগ্ন এলাকায় দি মেঘালয় টি-এস্টেটের ইজারা বাতিলের দাবিতে এ মানববন্ধন হয়। এর আগে, চারিকাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনসাধারণ একত্রিত হয়ে মিছিল আকারে গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল।
বক্তারা বলেন, প্রথম দফা মানববন্ধন ও দ্বিতীয় দফা অবস্থান কর্মসূচি পালনের পর ভূমি উপদেষ্টার কাছে পাঁচ মৌজাবাসীর পক্ষ থেকে দরখাস্ত দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, পাঁচ মৌজার মানুষ স্বাধীনতার আগে থেকেই এ অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করছে। তারা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করতে চায় না। দি মেঘালয় টি-এস্টেটের ইজারা বাতিল করে স্থায়ী বাসিন্দাদের নামে জমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায়, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে আন্দোলনকারীরা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন স্থানীয় মুরুব্বি মোহাম্মদ কামাল উদ্দিন, সামসুল হক, আজমল হোসেন, জহুরুল ইসলাম, আবদুল মালিক, কবির আহমেদ, বদরুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর আলী, আনোয়ারুল হক ও নেসার আহমেদসহ পাঁচ মৌজার বিশিষ্ট ব্যক্তিবর্গ।