শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ জুলাই ২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ

ভালোবাসার কুঁড়ে ঘর রক্তদান সোসাইটির যাত্রা শুরু

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেটে রক্তদানের মহৎ কর্মে নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটি’। গত ১৮ জুলাই শুক্রবার বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান ইমনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট এডহোক কমিটির সদস্য ফয়সল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এর কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগর সদস্য সজল আহমেদ, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন, সিলেট-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান নাঈম এবং সিলেট ওসমানী মেডিকেল ইনস্টিটিউটের শাহাব্বুদ্দিন শিহাব।

প্রধান অতিথি ফয়সল আহমদ তার বক্তব্যে রক্তদানকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব। তিনি ভালোবাসার কুঁড়ে ঘর সোসাইটির মতো উদ্যোগকে সমাজের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি শিব্বির আহমদ সামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সংগঠনের চেয়ারম্যান এস কে রিয়া রায়হান সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো রক্তের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমরা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত হবে।” তিনি আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ সিলেট তথা দেশের অন্যান্য স্থানে রক্তদানের চেতনা জাগ্রত করবে।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি এস কে রায়হান উদ্দিন মিনাজ ও আ: কুদ্দুস, সাধারণ সম্পাদক জয়নুল, সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান ইমন, প্রধান সাংগঠনিক রাশেদ, সহ-সাংগঠনিক ইমরান, সিনিয়ার ভাইস চেয়ারম্যান শাহিন আহমদ, কার্যকরী চেয়ারম্যান ইব্রাহিম, প্রধান প্রচার সম্পাদক মামুন এবং সহকারী পরিচালক তানজিলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

ভালোবাসার কুঁড়ে ঘর স্বেচ্ছায় রক্তদান সোসাইটির মূল লক্ষ্য সমাজে রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা এবং রক্তদানের মাধ্যমে অসহায় রোগীদের সাহায্য করা। এই উদ্যোগ সিলেটবাসীর কাছে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করে রক্তদানের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন