,

10 May 2025, 11:56 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ

আপডেট টাইম : May 10, 2025 11:56 PM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সামনে উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পাঠ করে শোনান। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, যার মাধ্যমে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধের পাশাপাশি প্রয়োজনীয় পরিপত্র আগামী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সভাটি যমুনায় রাত আটটায় শুরু হয়ে রাত ১১টার দিকে শেষ হয়।

শেয়ার করুন