২৯ এপ্রিল ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ এবং মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন (২০)।
গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে শ্যামারচর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে উদ্ধারকৃত মদ ও নগদ অর্থসহ তাদের দিরাই থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুল মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল। এলাকাবাসীরা বারবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতার ও উদ্ধারকৃত মদের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে।