২৯ এপ্রিল ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৪টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হক (৪০) অন্যতম। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে। এছাড়া জিআর-৬৪৮/২১ মামলার (কোতয়ালী) আসামি দেলোয়ার হোসেন (৩২) কেও গ্রেফতার করা হয়েছে, যিনি উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ছাতক থানার মামলা নং ২০(৪)২৫-এর আসামি জুয়েল মিয়া (৩৫) কেও পুলিশ গ্রেফতার করেছে; তিনি চাঁনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এদিকে, এসএমপির সিলেট এয়ারপোর্ট থানার একটি মামলায় লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২), ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের জমশেদ আলীর ছেলে মো. রাসেল (৪০), এবং তাহের আলীর পুত্র আক্তার হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তোহা, এএসআই আরিফুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সোমবার ২৮ এপ্রিল রাতে পৃথক অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।