,

21 April 2025, 2:10 PM

ছাতকে পাগল হাসানের স্মরণে আলোচনা সভা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : April 21, 2025 2:10 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি: ছাতকে প্রখ্যাত কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মরহুম মতিউর রহমান হাসান (ওরফে পাগল হাসান)-এর স্মরণে এক আলোচনা সভা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) ছাতক শহরের অদূরে প্রস্তাবিত পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে বিশাল আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়।

পাগল হাসান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, শিল্পী এফ. এ. সুমন, কিশোর পলাশ, পারভেজ খান, বন্যা তালুকদার ও সাংবাদিক খালেদ মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগল হাসান স্মৃতি পরিষদের আহ্বায়ক জামাল আহমদ। সার্বিক শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য সচিব ইজাজুল হক রনি। সন্ধ্যায় গানের আসর পরিচালনা করেন হেপী জান্নাত।

বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও আসিফ আকবরের গান পরিবেশিত হয়। সন্ধ্যার পর শুরু হয় গানের বিশেষ আয়োজন। স্থানীয় ও অতিথি শিল্পীরা পাগল হাসান রচিত গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। এফ. এ. সুমন, কিশোর পলাশ, পারভেজ খান ও বন্যা তালুকদারের কণ্ঠে পাগল হাসানের জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে পাগল হাসানের মা, স্ত্রী ও দুই ছেলেসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য, পুলিশ, সাংবাদিক, সেনাবাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা ও হাজার হাজার নারী-পুরুষ দর্শক অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাগল হাসানের ভক্তরা এ অনুষ্ঠানে যোগ দিয়ে তার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রাত ১০:৩০টায় মনোজ্ঞ এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পাগল হাসানের সৃষ্টিকর্ম ও অবদানকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানটি ছাতকবাসীর হৃদয়ে এক অনন্য ছাপ রেখে যায়।

শেয়ার করুন