,

21 February 2025, 7:59 PM

মুরারিচাঁদ কলেজে চলছে তিন দিনব্যাপী বইমেলা

আপডেট টাইম : February 21, 2025 7:59 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজের সম্মিলিত ফোরামের কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই বইমেলায় মোট ২০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে, যেখানে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক বইয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্টলও স্থান পেয়েছে।

বইমেলায় রাজনৈতিক সংগঠনগুলোর অংশগ্রহণও লক্ষণীয়। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তাদের স্টলের নাম দিয়েছে ‘শহীদ রুদ্র স্টল’, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘জিয়া স্মৃতি ঘর’, ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘শহীদ আবু সাঈদ স্টল’ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ‘শহীদ আরমান স্টল’ নামে নিজেদের স্টল সজ্জিত করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ওউদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আকমল হোসেন ও মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তোফায়েল আহমদ। তারা বইমেলার গুরুত্ব ও পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনী ও সংগঠনগুলোর পাশাপাশি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি বইপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আজকেই বইমেলার শেষ বলে জানানো হয়েছে। এই বইমেলা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাহিত্য-সংস্কৃতি অনুরাগীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন