শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ ডিসেম্বর ২০২১, ৬:৪০ অপরাহ্ণ

মুক্তি পাচ্ছে লাকী আক্তারের গান ‘নয়া নয়া ফুল’

আপডেট টাইম : ডিসেম্বর ২০, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ



শেয়ার করুন

আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের ইউটিউব চ্যানেল ‘Gaaner Lucky’ (গানের লাকী)- তে মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতিক্ষীত গান ‘নয়া নয়া ফুল’। গানটির কথা ও সুর লাকী আক্তারের নিজেরই। এটি তাঁর দ্বিতীয় একক গান। এর আগে ২০২১ইংরেজি’র ২৯ জুলাই পাভেল পার্থ’র কথা ও লাকী’র সুরে ‘গাছেদের কান্না’ শিরোনামে তাঁর আরেকটি গান ইউটিউবে প্রকাশিত হয়।

নয়া নয়া ফুল গানটি লাকী আক্তার ২০১৮ সালের ১৭ মে লিখেন এবং সুর ও নিজেই করেন। এটি একটি নিখাদ প্রেমের গান। ক্যাম্পাসে গানের আড্ডায়, বন্ধুদের সাথে ঘরোয়া আয়োজনে তিনি বহুবার এই গানটি গেয়েছেন। তখন থেকেই বন্ধু-শুভাকাঙ্খীরা তাঁকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য উৎসাহ যুগিয়ে আসছেন। বাংলা গানের শ্রোতাদের কাছে গানটি জনপ্রিয়তা পাবে বলে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী ও গানের সাথে যুক্ত কলাকুশলিদের দৃঢ় বিশ্বাস।

২০১৮ সালে গানটি লেখা হলেও এই এর সঙ্গীত আয়োজন শেষ হয় ২০২১ সালের জুন মাসে। দুজন তরুণ সঙ্গীত পরিচালক অভিজিৎ কুণ্ডু ও অভি চৌধুরি পার্থ যৌথভাবে সংগীত আয়োজন করেছেন। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।

বাঁশি বাজিয়েছেন অয়ন ইসলাম ওলি, সারেঙ্গীতে ছিলেন শৌনক দেবনাথ ঋক, একস্টিক গিটারে কাইয়ুম রেজা, বেজ গিটারে রেজোয়ান সাজ্জাদ এবং হারমনিয়ামে অভিজিৎ কুণ্ডু। এছাড়াও ব্যাঞ্জোতে ফতেহ আলী খান আকাশ, বাংলা ঢোলে ছিলেন সৌরব দাস গুপ্ত, কাহন এবং পার্কেশন বাজিয়েছেন অভি চৌধুরী পার্থ।

এই গানের নান্দনিক পোস্টার নকশা করেছেন ইউডা চারুকলার শিক্ষার্থী সোহানা তাসনিমা এবং তরিক হাসনাত । স্কোর মিউজিক ল্যাব ও সারগাম স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

করোনা পরিস্থিতিতে নয়া নয়া ফুল-এর মিউজিক ভিডিও সম্পন্ন না হওয়ায় ইতোপূর্বে গান প্রকাশের তারিখ ঘোষণা করেও পিছিয়ে দিতে হয়। এই গানের ভিডিও ধারণের লোকেশন নির্বাচনেও একটি বড় সময় অতিবাহিত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই গানটির ভিডিও ধারণ করা হয় চাঁপাই নবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। ২০২১ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে গানটির শুটিং শেষ হয়।

গানটির মিউজিক ভিডিওর ডিরেকশন ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন জাহিদুল ইসলাম সজীব। এসিটেন্ট ডিরেক্টর হিসেবে ছিলেন তরিক হাসনাত। এছাড়াও ড্রোন ক্যামেরায় চিত্র ধারণ করেছেন সৈয়দ মেহেদী হাসান। মিউজিক ভিডিও তৈরিতে টিকইল গ্রামের আলপনা বাড়ীর বাসিন্দাগন এবং টিকইল গ্রামের সাধারণ মানুষ এবং নেজামপুর ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সহযোগিতা করেছেন।

দীর্ঘদিন ধরে লাকী’র বন্ধু শুভাকাঙ্খীরা গানটির জন্য অপেক্ষা করছেন। তাদের অনুপ্রেরণা আর ভালবাসার শক্তিতেই অবশেষে গানটি মুক্তি পেতে যাচ্ছে। করোনা মহামারির নতুন আতঙ্কের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নতুন বছর। রাজনৈতিক-সামাজিক জীবনেও দু:সহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। চারিদিকে বিষাদের মাঝে নয়া নয়া ফুল সবার জন্য কিছুটা বিনোদন যোগাতে পারলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে বলে মনে করেন লাকী আক্তার । নয়া নয়া ফুল প্রেমের গান, ভালবাসার গান। নয়া নয়া ফুল নতুন আগমনী বার্তার গান হয়ে মানুষের মনে ঠাঁই করে নিবে—এমনটাই এ গানের কলাকুশলীদের বিশ্বাস। সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন এ গানটির গীতিকার, সুরকার, নির্মাতা, তরুণ রাজনৈতিক ও কৃষক আন্দোলনের নেতা  লাকী আক্তার ।

শেয়ার করুন